কুষ্টিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছেন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড চালিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চায়। সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বানচাল করা যাবে না। যারা এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেবে।’ বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে কুষ্টিয়ার সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নে নির্বাচনি সমাবেশ ও লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মাহবুব-উল আলম হানিফ বলেন, ‘এর আগে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পত্রপত্রিকায় খবর এসেছিল নির্বাচনকে বানচাল করার জন্য তারেক রহমান লন্ডন থেকে হত্যার নীলনকশা করছে। তারেক রহমান মানুষ হত্যা করে নির্বাচন বানচাল করতে চায়। তার আলামত হিসেবে গতকাল দেশের দুই জায়গায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই কর্মীকে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে।’
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।