বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) প্রধানমন্ত্রী তার ধানমন্ডির সুধাসদন বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী, জয়পুরহাট, নড়াইল ও গাইবান্ধায় এই চার জেলায় নির্বাচনি সমাবেশে বক্তৃতা রাখেন। দুপুরে নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের অয়োজনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রীর পাশে নড়াইল-২ আসনের প্রার্থী মাশরাফি বিন মুর্তজা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যতদিন বেঁচে আছি ততদিন নড়াইলের এমপি হয়ে থাকবো। নড়াইলের উন্নয়নের জন্য যা যা করা দরকার আমি তা করবো। ২০০১ সালে আমি নড়াইলের দুটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলাম। আপনারা আমাকে বিজয়ী করেছিলেন। তাই নড়াইলের প্রতি আমার টান অতীতেও ছিল,ভবিষ্যতেও থাকবে।’
নড়াইল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে জন্মস্থান নড়াইলবাসীকে সেবা করার সুযোগ দিয়েছেন। আপনারা সবাই তার ওপর আস্থা রেখে নৌকা মার্কায় ভোট দেবেন।’
ভিডিও কনফারেন্স চলাকালে নড়াইলের স্থানীয় বক্তারা জেলায় মেডিক্যাল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, অর্থনৈতিক অঞ্চল ও গেম ভিলেজ নির্মাণের দাবি জানান।
লোহাগড়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও জেলা পরিষদ সদস্য শেখ সাজ্জাদ হোসেন মুন্নার সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান এমপি বিএম কবিরুল হক মুক্তি, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহসহ অনেকে।