নির্বাচনে নারী ও সংখ্যালঘুদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে: কবিতা খানম

01নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, ‘বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী। জনপ্রতিনিধি নির্বাচনে তাদের ভূমিকা অগ্রগণ্য। তাই আসন্ন সংসদ নির্বাচনে তাদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ’

শুক্রবার (২১ ডিসেম্বর) খুলনার একটি হোটেলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনে নারীর নিরাপদ অংশগ্রহণ ও সুরক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে সচেনতাবৃদ্ধিমূলক এক কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নির্বাচন কমিশন, ইউএনডিপি এবং ইউএনউইমেন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

কবিতা খানম বলেন, ‘আমরা অনেকেই নারীদের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত সভা সেমিনার করে যাচ্ছি। নারীর সমান অধিকারের কথা বলে বক্তৃতা দিচ্ছি। আবার আমরাই নারীদের ক্ষমতায়ণের পথে বাধা সৃষ্টি করছি। অথচ আমরা যদি নারীদের প্রতিদিনের নিরাপত্তা নিশ্চিত করতে পারতাম তাহলে নির্বাচনের সময় তাদের নিরাপদ অংশগ্রহণ নিয়ে আলাদাভাবে ভাবতে হতো না।’

নারীরা তাদের যোগ্যতা বলেই এগিয়ে যাচ্ছে উল্লেখ করে প্রধান অতিথি বলেন, ‘নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য নারীদেরকেই সৎসাহসী হতে হবে এবং এই সাহসকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।’ তিনি সংসার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে নারীর মতামতকে মূল্যায়ন করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জ ডিআইজি মো. দিদার আহমেদ, পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) সরদার রকিবুল ইসলাম, খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহসহ অনেকে।