নৌকায় ভোট না দিলে আল্লাহ’র কাছে দায়ী থাকবেন: কেসিসি মেয়র

মোংলায় নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দল খালেক বলেছেন,‘মোংলা বন্দরসহ দক্ষিণাঞ্চলের যে উন্নয়ন শেখ হাসিনার সরকার করেছে, তাতে এখানকার সব মানুষের নৌকা প্রতীকে ভোট দেওয়া উচিত, এর বাইরে ভোট দিলে আল্লাহর কাছে দায়ী থাকবেন।’ বুধবার (২৬ ডিসেম্বর)বিকেল ৪টার দিকে মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘ চত্বরে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তালুকদার আব্দুল খালেকের স্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করছেন। জনসভায় খুলনা সিটি মেয়র তালুকদার খালেক তার স্ত্রীর পক্ষে নৌকায় ভোট চেয়ে আরও বলেন,‘বিএনপি জামায়াত জোট সরকারের সময় এ বন্দর বন্ধ করে দেওয়া হয়ে ছিল। কোনও উন্নয়নই হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এখানে কোনও উন্নয়নই হতো না।’ তার স্ত্রী হাবিবুন নাহারকে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী করতে তিনি সকলের প্রতি অনুরোধ জানান।

এর আগে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের হাতে ফুল দিয়ে পৌর যুবদলের সহ-সভাপতি মোস্তফা কামাল, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম নান্না, মোংলা বন্দর স্টিভিডরিং ওয়াসম্যান ওয়েলফেয়ার সংঘের সভাপতি গোলাম মোস্তফা এবং মৎস্য সমিতির সাবেক সভাপতি আফজাল ফরাজির নেতৃত্বে বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেন।

এসময় তিনি বলেন,‘আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসলে মোংলা নদীর ওপর দেশের দশম ঝুলন্ত ব্রিজ করে দেওয়া হবে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুস সালামের সভাপতিত্বে নির্বাচনি জনসভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার হাই প্রমুখ।