সাতক্ষীরায় জামানত হারাচ্ছেন ১৭ প্রার্থী

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার চারটি আসনে মোট ২২ জন প্রার্থীর মধ্যে জামানত হারাচ্ছেন ১৭ জন। প্রদত্ত ভোটের আট ভাগের কম ভোট পাওয়ায় এসব প্রার্থীরা তাদের জামানত হারাবেন বলে জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর বলেন, ‘প্রত্যেক আসনে প্রদত্ত ভোটের আট ভাগের কম ভোট পেলে প্রার্থীর জামানত বাতিল হবে। সেই হিসাবে দেখা যায়, সাতক্ষীরার চারটি আসনে ২২ জন প্রার্থীর মধ্যে ১৭ জন প্রার্থী তাদের জামানত রক্ষা করতে পারবেন না।

প্রাপ্ত ফলে দেখা যায়, সাতক্ষীরা-১ আসনে মোট ভোট ৪ লাখ ২৩ হাজার ৭৩। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৫৪ হাজার ৮১০ জন। বাতিল ভোট ১ হাজার ৯৩০। এখানে জামানত রক্ষা করতে হলে ৪৪ হাজার ৩৫২ ভোট পেতে হবে। কিন্তু এ পরিমাণ ভোট না পাওয়ায় এই আসনে জামানত হারাবেন বিএনপি’র হাবিবুল ইসলাম হাবিব (১৭৪৫৫ ভোট), জাতীয় পার্টির সৈয়দ দিদার বখত (৯৪৭ ভোট), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের এফএম আসাদুল হক (১৭৪৮ ভোট), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. আজিজুর রহমান (১৯২ ভোট), ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি) মো. আব্দুর রশিদ (১০১ ভোট) এবং স্বতন্ত্র প্রার্থী সরদার মুজিব (৩৭৪ ভোট) ।

সাতক্ষীরা-২ (সদর) আসনে মোট ভোটার ৩ লাখ ৬৫ হাজার ২৪৬ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ লাখ ৮৮ হাজার ১৭২ জন। এই আসনে ইভিএম থাকায় এবং কোনও ভোট বাতিল না হওয়ায় সব ভোটই বৈধতা পায়। এ আসনে জামানত ধরে রাখতে প্রয়োজন ২৩ হাজার ৫২২ ভোট। ফলে কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত হারাবেন জাতীয় পাটির শেখ মতলুব হোসেন লিয়ন (১৫০৮ ভোট), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মুফতী রবীউল ইসলাম (১৩৫৫ ভোট), বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নিত্যানন্দ সরকার (১২৩৮ ভোট) এবং ন্যাশনাল পিপলস পাটির (এনপিপি) মো. জুলফিকার রহমান (৭৪৯ ভোট)।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-দেবহাটা-কালিগঞ্জ আংশিক) আসনে মোট ভোট ৪৩ লাখ ৮৭ হাজার ৩৩৭। এর মধ্যে ভোট দিয়েছেন ৩ লাখ ৩৩ হাজার ১১৮ জন। বাতিল ভোট ২ হাজার ৮৯৭। এই আসনে জামানত রক্ষার জন্য দরকার ৪১ হাজার ৬৪০ ভোট। বিধি অনুযায়ী কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানত হারাবেন বিএনপির ডা. শহীদুল আলম (২৪৬৭১ ভোট) এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. ইসহাক আলী সরদার (২৫৭৯ ভোট)।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনে মোট ভোট ৪৩ লাখ ৮৭ হাজার ৩৩৭। এই আসনে প্রদত্ত ভোট ২ লাখ ৮৫ হাজার ৯৯২। বাতিল ভোট ২ হাজার ১। এই আসনে জামানত রক্ষায় প্রয়োজন ৩৫ হাজার ৭৪৯ ভোট। ফলে কাঙ্ক্ষিত ভোট না পাওয়ায় জামানাত হারাবেন বিএনপির গাজী নজরুল ইসলাম (৩০৪৮৬ ভোট), জাতীয় পার্টির মো. আব্দুস সাত্তার মোড়ল (৫০৪ ভোট), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. আব্দুল করিম (৩৩২৪), বিকল্পধারা বাংলাদেশের এইচএম গোলাম রেজা (১১২০০ ভোট) এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) মো. রবিউল ইসলাম জোয়াদ্দার (৯০ ভোট)।