কালীগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় স্বামী গ্রেফতার

ঝিনাইদহ

ঝিনাইদহের কালীগঞ্জে গৃহবধূ শিউলি খাতুন (৩৫) হত্যা মামলায় তার স্বামী আনিচুর রহমানকে (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ জানুয়ারি) সকালে উপজেলার বড় তালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আনিচুর রহমান বড়ডাউটি গ্রামের সাহেব আলীর ছেলে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, আনিচুর রহমান যৌতুকের দাবিতে স্ত্রী শিউলি খাতুনকে প্রায়ই শারীরিক নির্যাতন করতো। ২৯ ডিসেম্বর বাবার বাড়ির জমি বিক্রি করে টাকা এনে না দেওয়ায় স্ত্রীকে বেদম মারধর করে সে। এতে শিউলি খাতুন অসুস্থ হয়ে পড়লেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়নি। ৩ জানুয়ারি গুরুতর অসুস্থ হয়ে পড়লে শিউলি খাতুনকে তার ভাই শামীম কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গত সোমবার (৭ জানুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ২ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আনিচুরকে গ্রেফতার করা হয়। এ মামলার অন্য আসামি নিহতের শাশুড়িকে গ্রেফতারে অভিযান চলছে।