বাগেরহাটের ফকিরহাটে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কলমের দোকান নামে এলাকায় এই সড়ক দুঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন কমপক্ষে আরো ২৫ জন।
নিহতদের মধ্যে একজন বালুবাহী জাম্পার ট্রাকের চালক। তার নাম কামরুজ্জামান বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুর ১টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি জাম্পার ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তিনজন নিহত হয়। আহত হয় আরও ২৫ জন।
বাগেরহাট ফায়ার সার্ভিাসের উপ-সহকারী পরিচালক ( ডিএডি) মাসুদ সরদার ঘটনাস্থল থেকে জানান, খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের ২টি ও খুলনা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে অংশ নিয়েছে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।