কুষ্টিয়ায় চোরাই ট্রাকসহ চারজন আটক

গ্রেফতার

চোরাই ট্রাকসহ চারজনকে আটক করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। বুধবার (৬ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ তথ্য জানান।

আটক চোর চক্রের সদস্যরা হলেন, কুষ্টিয়ার জুগিয়া মণ্ডল পাড়া এলাকার মৃত আতিয়ার রহমানের ছেলে মিল্টন হোসেন (৩৮), হাটশ হরিপুর ইউনিয়নের বোয়ালদাহ গ্রামের মৃত দবির উদ্দিন বেপারির ছেলে জাকিরুল ইসলাম ওরফে আজলু (৫০), বারখাদা বিএলটিসি পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে মাসুদ রানা (৪২) বারখাদা মাস্টার পাড়া এলাকার মৃত আহসান আলীর ছেলে ইউসুফ আলী (৪২)।

ওসি জানান, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে বটল উত্তরপাড়ার শহিদুল ইসলামের মোটর গ্যারেজের সামনে কিছু ব্যক্তি একটি চোরাই ট্রাক ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর চক্রের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় মিল্টন হোসেন, জাকিরুল ইসলাম, মাসুদ রানা ও ইউসুফ আলীকে আটক করে পুলিশ।