মাদক ব্যবসায়ীকে ধরিয়ে দিলে পুরস্কার

বক্তব্য রাখছেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেছেন, ‘কালীগঞ্জে কেউ মাদক ব্যবসা করতে পারবে না। কালীগঞ্জকে মাদকের রুট হিসেবেও ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা কালীগঞ্জবাসীকে নিয়ে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছি। যেকোনও মূল্যে মাদক নিয়ন্ত্রণ করা হবে। আর মাদক ব্যবসায়ীদের কঠোর হস্তে দমন করা হবে।’ এ সময় তিনি মাদক ব্যবসায়ী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা দেন।

ঝিনাইদহের কালীগঞ্জে মাদক ও জঙ্গিবিরোধী এক সমাবেশে তিনি এ ঘোষণা দেন। রবিবার (১০ ফেব্রুয়ারি) সকালে শহরের প্রধান বাস টার্মিনালে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আনোয়ারুল আজীম আনার বলেন, ‘প্রশাসনের একার পক্ষে মাদক ও জঙ্গি প্রতিরোধ করা সম্ভব নয়। তাই প্রশাসনের পাশাপাশি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন, ‘মাদকের সঙ্গে কোনও আঁতাত নয়। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখানো হবে। মাদক ব্যবসায়ীদের ১৫ দিন সময় দিচ্ছি। এরমধ্যে আপনারা আত্মসমর্পণ করুন। মাদকের পেছনে যারা অর্থ লগ্নি করছেন, তাদের আইনের আওতায় আনা হবে। আর পুলিশের কেউ যদি মাদকের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তাকে আর চাকরি করতে হবে না; জেলে যেতে হবে।’
কালীগঞ্জ ডায়াবেটিক সমিতি, মোচিক সমবায় সমিতি ও পৌর মহিলা সমবায় সমিতি এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
সমাবেশে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা রানী সাহা, মোবারকগঞ্জ সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ আলী শিকদার, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আজিজুল হক, কালীগঞ্জ থানার ওসি ইউনুছ আলী, কালীগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আশরাফুল আলম আশরাফ ও উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিসুর রহমান মিঠু মালিথা প্রমুখ উপস্থিত ছিলেন।