অর্থ আত্মসাৎ: কেসিসি’র সম্পত্তি শাখার আমিরুলের পাঁচ বছরের জেল

খুলনাঅর্থ আত্মসাৎ মামলায় খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখার দায়িত্বপ্রাপ্ত আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদ দিয়েছেন আদালত। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনার বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক এসএম আবদুস ছালামের জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করা হয়। এসময় আমিরুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

বিভাগীয় স্পেশাল ট্রাইব্যুনালের পিপি সেলিম আল আজাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেসিসি’র প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলায় ২০১০ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দেয়। মামলাটির বিচার শেষে বিচারক এ রায় দিয়েছেন। রায়ে আসামি আমিরুল ইসলামকে পাঁচ বছরের কারাদণ্ড, ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, কেসিসি’র তৎকালীন রাজস্ব কর্মকর্তা এসকেএস তাছাদুজ্জামান ২০০৯ সালের ১৭ মার্চ বাদী হয়ে আমিরুলের নামে প্রায় ১০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, ২০০৭ সালের ১ নভেম্বর থেকে ২০০৯ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আমিরুল এ টাকা আত্মসাৎ করেছেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হয়। দুদুকের উপ-সহকারী পরিচালক আমিনুল ইসলাম তদন্ত শেষে ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলার শুনানি শেষে আদালত সোমবার রায় ঘোষণা দেন।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি সেলিম আল আজাদ ও আসামিপক্ষে আব্দুল মালেক।