বাগেরহাটে কালবৈশাখীর তাণ্ডবে তিনশ’ বাড়ি বিধ্বস্ত, বিদ্যুৎ সংযোগ বিচ্ছন্ন

কালবৈশাখীর তাণ্ডবে বিধ্বস্ত বাড়ি-ঘর ও গাছপালা

বাগেরহাটের শরণখোলা ও রামপাল উপজেলার ওপর দিয়ে সোমবার সকালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। কালবৈশাখীর তাণ্ডবে দুই উপজেলার তিন শতাধিক কাঁচা বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। ঝড়ে উপড়ে গেছে ছোটবড় কয়েক হাজার গাছপালা। শরণখোলা উপজেলার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাস জানান, কালবৈশাখীর তাণ্ডবে শরণখোলার বিভিন্ন এলাকার দুই শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। উপজেলার রায়েন্দা ইউনিয়নের মৌরাশী বাজারসহ সাউথখালী ইউনিয়নের সুন্দরবন সংলগ্ন বগী বন্দরের ব্যবসায়ী মজিবর হাওলাদার, ইব্রাহীম হাওলাদার, আলী মাঝি, পান্না ফরাজী ও বেল্লাল বালীর দোকান ঘরের চালা ঝড়ে উড়ে গেছে। বৃষ্টিতে সব মালামাল ভিজে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। বিধ্বস্ত হয়েছে সাধারণ মানুষের কাঁচা ঘরবাড়ি। ছোট-বড় কয়েক হাজার গাছপালা উপড়ে গেছে।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল জানান, সকালে কালবৈশাখীর তাণ্ডবে রামপাল উপজেলার বিভিন্ন এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সিগড় বুনিয়া মসজিদসহ ক্ষুদ্র দোকানি ও নিম্ন আয়ের মানুষের ঘরবাড়ি বেশি বিধ্বস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজখবর নেওয়া হয়েছে। এছাড়াও অনেক গাছপালা উপড়ে গেছে।

শরণখোলা পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম মো. খায়রুল আলম  জানান, ‘কালবৈশাখীর ঝড়ে উপজেলার রাজৈর এলাকায় ট্রান্সফর্মারের ওপর গাছ পড়ে সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। এছাড়া, আরও ৩০/৪০টি স্পটে বিদ্যুতের তার ছিড়ে গেছে। বেশ কয়েকটি খুঁটি হেলে পড়েছে। উপজেলা সদরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা চলছে।