বাগেরহাটে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

উপজেলা পরিষদ নির্বাচনউপজেলা পরিষদ নির্বাচনে বাগেরহাটের ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে এই তালিকা প্রকাশ করা হয়।

মনোনয়নপ্রাপ্তরা হলেন, বাগেরহাট সদর উপজেলায় জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন, কচুয়া উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, মোংলা উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, রামপাল উপজেলায় বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, শরণখোলায় বর্তমান চেয়ারম্যান কামাল উদ্দিন আকন, মোল্লাহাট উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শাহীনুল আলম ছানা, ফকিরহাট উপজেলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেতাগা ইউপি চেয়ারম্যান স্বপন কুমার দাস, চিতলমারী উপজেলায় সাবেক উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল, মোরেলগঞ্জ উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ-ই-আলম বাচ্চু।

দলীয় সূত্র জানায়, বাগেরহাটের ৯টি উপজেলায় চেয়ারম্যান পদে অর্ধশতাধিক মনোনয়নপ্রত্যাশী ছিলেন। এরমধ্যে প্রতি উপজেলায় আওয়ামী লীগের কাউন্সিলের মধ্যেমে মনোনয়নের পর মোট ২৯ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়। মনোনয়ন বোর্ডের সভায় যাচাই-বাছাই শেষে ৯ জনের নাম প্রকাশ করা হয়।

মোরেলগঞ্জ উপজেলায় মনোনয়ন পাওয়া বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ-ই-আলম বাচ্চু বলেন, ‘দলের জন্য সারাজীবন কাজ করেছি, দলও আমাকে মূল্যায়ন করেছে। এজন্য দলের সভাপতির কাছে আমি কৃতজ্ঞ। গত ৫ বছরও আমি মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ছিলাম। সুনামের সঙ্গে কাজ করেছি। অন্যায় ও দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। আশা করি, জনগণ সে মুল্যায়ন অবশ্যই করবে। আগামী ৩১ তারিখের নির্বাচনে আমাকে বিপুল ভোটের ব্যবধানে তারা বিজয়ী করবে।’

তফসিল অনুযায়ী বাগেরহাটের উপজেলাগুলোতে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৪ মার্চ, মনোনয়নপত্র বাছাই হবে ৬ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ ও ভোটগ্রহণ ৩১ মার্চ।