তাপ বিদ্যুৎকেন্দ্রের কন্টেইনারে চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বাগেরহাটবাগেরহাটের রামপালে নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের কন্টেইনারের নিচে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হন আরেক শ্রমিক। শনিবার (২ মার্চ) বিকাল পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।




নিহত দুই শ্রমিক হলেন- মো. নায়েব আলী (৪৬) ও মো. ফিরোজ (৪৯)। আহত হয়েছেন মো. সোহানুর (২৫)। তার অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার ষোলদাগ ও আট্টাকী গ্রামে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান রবিবার দুপুরে জানান, রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্রের একটি লোহার ভারি কন্টেইনার হঠাৎ করে কাত হয়ে তিন নির্মাণ শ্রমিকের গায়ের ওপর পড়ে। এতে নায়েব আলী ও ফিরোজ দুজনই ঘটনাস্থলেই মারা যান। সোহানুর নামে অপর একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় ওই শ্রমিকরা ওই কন্টেইনারের পাশে দাঁড়িয়ে কাজ করছিলেন। হতাহতদের পরিবারকে কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেবে বলেও তিনি জানান।