যশোরের ৮ উপজেলায় চেয়ারম্যান পদে ২৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

যশোরচতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষদিনে (৪ মার্চ) যশোরের আট উপজেলায় চেয়ারম্যান পদে একজন নারীসহ ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে সর্বোচ্চ বাঘারপাড়া ও অভয়নগরে চারজন করে এবং মাত্র একজন শার্শায় মনোনয়নপত্র জমা দেন। সোমবার (৪ মার্চ) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলে মনোনয়নপত্র জমাদানের প্রক্রিয়া।

যশোরের বিভিন্ন উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা যায়—

যশোর সদর উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহীন চাকলাদার (জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক), স্বতন্ত্র হিসেবে মোহিত কুমার নাথ (সদর আওয়ামী লীগের সভাপতি) এবং শেখ আল মামুন (ইসলামী ঐক্যজোট) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কেশবপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচএম আমীর হোসেন ছাড়াও দলের মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কাজী রফিক ও যুব সংহতির কেন্দ্রীয়নেতা হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনিরামপুরে আওয়ামী লীগ মানোনীত প্রার্থী নাজমা খাতুন, আমজাদ হোসেন লাভলু ও সাবেক সচিব নজরুল ইসলাম খানের ভাই হাবিবুর রহমান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বাঘারপাড়ায় নৌকা প্রতীকে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাসান আলী, জামদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজল, রায়পুর ইউপি চেয়ারম্যান মঞ্জুর রশিদ স্বপন ও বিএনপি থেকে বহিস্কৃত সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী মনোনয়নপত্র জামা দিয়েছেন।

ঝিকরগাছা থেকে আওয়ামী লীগ মনোনীত মো. আলী রায়হান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ও বিএনপির সাবেক নেতা নূরুল আমিন দুদু মনোনয়নপত্র জমা দিয়েছেন।

চৌগাছা উপজেলা থেকে আওয়ামী লীগের প্রার্থী অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান এবং স্বতন্ত্র হিসেবে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।

অভয়নগর উপজেলায় চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী শাহ ফরিদ জাহাঙ্গীর, স্বতন্ত্র প্রার্থী রবিন অধিকারী ব্যাচা, বিএনপি নেতা নূরল হক মোল্যা এবং জাতীয় পার্টি থেকে মোস্তফা ফারুক আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এ ছাড়া শার্শা উপজেলায় চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এবং আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম মঞ্জু একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।