আটক চারজননড়াইলের লোহাগড়া উপজেলার কুমড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও লাঠিসহ চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় বেশ কয়েকজন পালিয়ে যায়। সোমবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)।
উদ্ধার অস্ত্র ও লাঠিপুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুমড়ি পূর্বপাড়ার জামির শেখের পরিত্যক্ত বাড়িতে রবিবার (৩ মার্চ) রাত ১২টা দিকে বেশ কয়েকজন ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে কুমড়ি গ্রামের জহুর মোল্যার ছেলে আজগর মোল্যা (৩০), পার্শ্ববর্তী লুটিয়া গ্রামের মোশাররফ মোল্যার ছেলে মতিয়ার মোল্যা (৩৫), কালিয়া উপজেলার সিঙ্গেরডাঙ্গা গ্রামের মান্দার খন্দকারের ছেলে রোমান খন্দকার (২৪), একই উপজেলার জুসালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল খানকে (২৫) আটক করে। এদের কাছ থেকে একটি চাপাতি, ধারালো ছ্যানদা, তলোয়ার, বাঁশের ও কাঠের লাঠি এবং দু'টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা দায়ের হয়েছে।