যশোরে গোলাগুলিতে নিহত 'চোরাকারবারি' ধর্ষণ মামলার আসামি

যশোরযশোর শহরতলীর খোলাডাঙ্গা দক্ষিণপাড়া এলাকার একটি পরিত্যক্ত রাইস মিলের পাশে গুলিতে নিহত যুবকের পরিচয় মিলেছে। তার নাম শামিম (৩৫)।সে ওই এলাকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষা ধর্ষণ ও হত্যা মামলার আসামি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান এ তথ্য জানিয়েছেন। শামিম ধর্মতলা গাজীপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতো।
পুলিশ বলছে, দুইদল মাদক ব্যবসায়ীর গোলাগুলিতে ওই যুবক নিহত হয়। তার পরনে রঙিন চেক লুঙ্গি আর ফুলহাতা শার্ট ছিল। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি আর ইয়াবা উদ্ধার করা হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
প্রসঙ্গত, রবিবার (৩ মার্চ) বিকালে খেলতে গিয়ে কারবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী তৃষা নিখোঁজ হয়। এরপরের দিন সন্ধ্যার দিকে বাড়ির পাশে গর্ত দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে গর্তটি খুঁড়ে তৃষার লাশ পাওয়া যায়। ৫ মার্চ এলাকাবাসী এই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে এ ঘটনার প্রধান হোতা শামিমের ফাঁসির দাবি করা হয়।