যশোরে ব্যবসায়ী শাফা হত্যার ‘পরিকল্পনাকারী’ ওয়াশিংটন গ্রেফতার

যশোর শহরে মোটর পার্টস ব্যবসায়ী মহিদুল ইসলাম শাফা হত্যার ‘পরিকল্পনাকারী’ চৌধুরী আনোয়ার রেজা ওরফে ওয়াশিংটনকে (৪৮) গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) রাত ৯ টার দিকে যশোর শহরের খড়কী শাহ আব্দুল করিম রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে যশোরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে যশোর ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর মারুফ আহমেদ এ তথ্য জানান।
ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘গ্রেফতারের সময় ওয়াশিংটনের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড গুলি ও পাঁচশ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে দুটি মামলা করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।’
অভিযোগ রয়েছে, ব্যবসায়িক দ্বন্দ্বে দুই লাখ টাকার চুক্তিতে ভাড়াটে খুনি দিয়ে ব্যবসায়ী শাফাকে খুন করানো হয়। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে কোতোয়ালি থানায় মামলা হয়। যশোরের পুলিশ সুপার তদন্তের জন্যে মামলাটি ডিবিতে স্থানান্তর করেন। এরপর তথ্যপ্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করে রানা ও রাকিব নামে দুজনকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, ‘এই মামলার প্রধান আসামি শাহাবুদ্দিনের সঙ্গে দুই লাখ টাকার চুক্তি হয় ওয়াশিংটনের। প্রথমে ২০ হাজার টাকা দেওয়া হয় এবং পরে বাকি টাকা দেওয়া হবে বলে আশ্বাস দেয় ওয়াশিংটন। কিন্তু হত্যাকাণ্ডের আগেই ভারতে অবস্থান করে সে হত্যাকারীদের সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ রাখতো।’
ডিবির ওসি আরও জানান, ‘গত ১৭ জানুয়ারি সে ভারত থেকে দেশে আসে এবং আত্মগোপন করেছিল। গত ১ জানুয়ারি সন্ধ্যায় শহরের ঈদগাহ মোড়ে এইচএন এন্টারপ্রাইজ নামের ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক মহিদুল ইসলাম শাফা খুন হন। দুর্বৃত্তরা গলায় ছুরি দিয়ে তাকে হত্যা করে।’
নিহত সাফা যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা গ্রামের নবিস উদ্দিনের ছেলে। তিনি যশোর শহরের খালধার রোডে ভাড়া বাসায় থাকতেন।