বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ২




বাগেরহাটে বাস দুর্ঘটনাবাগেরহাটে গড়াই পরিবহন নামের একটি পিকনিকের বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৮ মার্চ) ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও আটজন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদুর রহমান হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনায় ঘটনাস্থলে মকবুলের ছেলে গরীবউল্লাহ (৪০) এবং খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কাসেমের ছেলে কিবরিয়া (২২) প্রাণ হারান।

বাসের ধাক্কায় সড়ক থেকে নেমে যায় ট্রাকটিআহতদের মধ্যে, রিয়াজ উদ্দিনের ছেলে বসির (৪০), মেহের আলী মন্ডলের ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৩) এবং মো. মিন্টুর ছেলে আরিফুলের (২২) অবস্থা আশঙ্কাজনক। তাদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হতাহতদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে।

গাড়িতে থাকা প্রত্যক্ষদর্শী মো. কলম হোসেন ও আনোয়ার হোসেন জানান, ত্রিবেনী গ্রামবাসীর উদ্যোগে তারা বাগেরহাটের বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য আসেন। ঘটনাস্থলে তাদের বহনকারী বাসটি একটি দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের দিকে থাকা ১০ জন আহত হন। তাদের মধ্যে দুইজন মারা গেছেন।