বাল্যবিবাহ: কাজীর কারাদণ্ড, বধূর বর-বাবার জরিমানা

Early Marriage Mobile Court Pic-2ঝিনাইদহের কালীগঞ্জে বাল্যবিবাহ আয়োজন ও বিয়ে পড়ানোর দায়ে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট কাজীকে কারাদণ্ড দিয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক বধূর বাবা ও বরকে জরিমানা করেছে। বুধবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা এ দণ্ডাদেশ ও জরিমানার রায় প্রদান করেন। মেয়ের বয়স ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তাকে শ্বশুরবাড়িতে না পাঠানোর শর্ত মেনে নিয়ে মুচলেকা দিয়েছে মেয়ের পরিবার।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানের এ ঘটনাটি ঘটেছে উপজেলার মাঝদিয়া গ্রামে। আদালত কাজী রবিউল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। সেই সঙ্গে মেয়ের বাবা আবুল কাশেমকে ২ হাজার টাকা ও বর শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানার সাজা দিয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার লুৎফর রহমান জানিয়েছেন, কালীগঞ্জ উপজেলার মাঝদিয়া গ্রামের আবুল কাশেমের মেয়ে ও বারবাজার মাদ্রাসার ছাত্রী আদুরী খাতুনের (১৬) বিয়ে হয় যশোরের সাহেব আলীর ছেলে শরিফুল ইসলামের (২৮)। উপজেলা নির্বাহী অফিসার গোপন সূত্রে খবর পেয়ে সেখানে উপস্থিত হন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবর্ণা রানী সাহা বলেছেন, ‘বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭-এর ৭,৮,ও ৯ ধারা মোতাবেক কাজীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড, বরকে ২০ হাজার ও মেয়ের পিতা আবুল কাশেমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’