বাগেরহাটের মোরেলগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শাহীন সরদার (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এসময় ছয়জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়। আহতরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে।
নিহত শাহীন সরদার মোরেলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুরা গ্রামের কালাম সরদার ওরফে চর কালামের ছেলে। এঘটনায় হাসি বেগম নামে একজনকে আটক করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন,‘মোরেলগঞ্জের মহিষপুরা গ্রামের কালাম সরদার ও হায়দার শেখ টিটু প্রতিবেশী। এই দুই প্রতিবেশী একে অপরের আত্মীয়। জমির সীমানার ওপর দিয়ে যাতায়াত করা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বুধবার রাতে পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই দুই পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এক পর্যায়ে দুই পরিবারের সদস্যরা লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িতে পড়ে। এতে উভয়পক্ষের ৬/৭ জন আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহষ্পতিবার সকালে শাহীন সরদার নামে একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় হায়দার শেখ টিটুর শ্যালিকা হাসি বেগমকে আটক করেছে পুলিশ।