বঙ্গবন্ধুর জন্মদিনে শত কণ্ঠে ৭ মার্চের ভাষণ

শত কণ্ঠে ৭ মার্চের ভাষণ পাঠজাতির জনক শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ঝিনাইদহে শত কণ্ঠে ৭ই মার্চের ভাষণ পাঠের আয়োজন করা হয়। এতে অংশ নেয় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

জেলা প্রশাসন রবিবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট এ আয়োজন করে। নানা শ্রেণি পেশার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন। এসময় ঝিনাইদহ-মাগুরা সংরক্ষিত আসনের সংসদ সদস্য খালেদা খানম, ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার হাসানুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টুসহ সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে সকালে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা আওয়ামী লীগসহ নানা সংগঠন  শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে। জেলা প্রশাসনের আয়োজনে সেখান থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বরে এসে শেষে হয়। পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।