রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকরা আবারও রাজপথে আন্দোলন শুরু করেছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে শ্রমিকরা স্ব স্ব পাটকল গেট থেকে মিছিল বের করে। মিছিল নিয়ে খালিশপুর ও দৌলতপুরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এ সময় স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত হয়ে ওঠে।
শ্রমিকলীগ নেতা ও ক্রিসেন্ট জুটমিল সিবিএর সভাপতি মো. মুরাদ হোসেন জানান, শ্রমিকরা মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টা ধর্মঘট পালন এবং প্রতিদিন রেলপথ ও রাজপথ অবরোধ করবে। বিজেএমসি ওয়াদা খেলাপ করেছে। তাই তাদের সঙ্গে কোনও বৈঠকে নেই। চারদিনের এ কর্মসূচিতে শ্রমিকদের দাবির বিষয় নিয়ে বরফ না গললে ৭ এপ্রিল ঢাকায় সব পাটকল ও শ্রমিকনেতাদের নিয়ে বৈঠক হবে। ওই বৈঠক থেকে টানা কর্মসূচির সিদ্ধান্ত হতে পারে।