বাগেরহাটে কঠোর নিরাপত্তার মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু

বাগেরহাটপরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধে বাগেরহাটে কঠোর নিরাপত্তার মধ্যে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি)ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সোমবার প্রথম দিনের পরীক্ষায় বাগেরহাটের ৩৯টি কেন্দ্রের মোট ৯ হাজার ৬২৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বাগেরহাটের জেলা প্রশাসকসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেন।

বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো.কামরুল ইসলাম বলেন,‘নকল ও প্রশ্নপত্র ফাঁস মুক্ত পরিবেশে পরীক্ষা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। কেন্দ্র সচিবদের শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনাগুলো সম্পর্কে ব্রিফিং করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক টিম কেন্দ্রগুলো পরিদর্শন করছে।

তিনি আরও বলেন, ‘এইচএসসি পরীক্ষার প্রথম দিন ১৯টি কেন্দ্রে ৬ হাজার ২৭৯ জন সাধারণ শিক্ষার্থী, ৮টি কেন্দ্রে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল শিক্ষার্থী এবং ১২টি কেন্দ্রে ২ হাজার ৬০ জন কারিগরি শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছে।