কালীগঞ্জে ৪ ওয়ারেন্টভুক্ত আসামি আটক

গ্রেফতার

ঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৪ ওয়ারেন্টভুক্ত আসামিকে আটক করেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করে। গ্রেফতার সবাই সিআর ও জিআর মামলার আসামি বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিরা বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় উপজেলার তালিয়ান গ্রামের মৃত ইজ্জাতুলের ছেলে আমির হোসেন ও তার মেয়ে রেবা পারভীন, দুলালমুন্দিয়া গ্রাম থেকে নাছির উদ্দীনের ছেলে ইকরামুল হোসেন এবং দয়াপুর গ্রাম থেকে শাহাজান মণ্ডলের ছেলে হামিদ মণ্ডলকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) ইউনুচ আলী বলেন, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলার সিআর ও জিআর মামলার আসামি। তারা দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। পুলিশ ওই ৪ আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠিয়েছে।