কুষ্টিয়ায় ভুয়া এনএসআই আটক

ভুয়া এনএসআই এর আইডি কার্ড

কুষ্টিয়ার মিরপুরে সুমন আহমেদ (৩৫) নামে ভুয়া এনএসআই পরিচয় দানকারী ব্যক্তিকে আটক করা হয়েছে।  রবিবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন থেকে তাকে আটক করা হয়। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক সুমন আহমেদ নাটোর জেলার বাগাদীপাড়া উপজেলার রহিমানপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে। 

মিরপুর উপজেলার সাবেক কমান্ডার নজরুল করিম বলেন, ‘সুমন নামে এক ব্যক্তি অফিসে এসে জানতে চায় মুক্তিযোদ্ধাদের মধ্যে কারা কারা ভাতা পান না।  কোন কোন মুক্তিযোদ্ধা তালিকা থেকে বাদ পড়েছে সেসব কাগজপত্র দেখতে চান। এসময় আমার সন্দেহ হলে পুলিশকে খবর দেই। পরে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে যায়। প্রতারক সুমনের কাছ থেকে অনেক কাগজপত্রসহ প্রায় ৫০ হাজার টাকা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে পুলিশ।’

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, আটক সুমন সরকারি পরিচয় দান করে বিভিন্ন অফিসে প্রতারণা করে আসছিল। সুমন রবিবার দুপুরে মিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা অফিসে গিয়ে নিজেকে এনএসআই’র একজন কর্মকর্তা দাবি করে মুক্তিযোদ্ধাদের কাগজপত্র দেখতে চায়। মুক্তিযোদ্ধাদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দিলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ওসি আবুল কালাম জানায়, সরকারি পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে সুমন আহমেদকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।