সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত

সাতক্ষীরায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিতসাতক্ষীরার আশাশুনি উপজেলায় খোলপেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে দুইটি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভেসে গেছে শতাধিক মৎস্যঘের। পানিবন্দি হয়ে পড়েছে গ্রাম দু’টির বেশকিছু ঘরবাড়ি। সোমবার (২২ এপ্রিল) ভোরে উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের পরিমল মণ্ডলের বাড়ি সংলগ্ন এলাকায় খোলপেটুয়া নদীর প্রায় ১০০ ফুট বেড়িবাঁধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

এতে প্রতাপনগর ইউনিয়নের কোলা ও হিজলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত হয়ে একাকার হয়ে গেছে শতাধিক মৎস্যঘের। ধসে পড়ার উপক্রম হয়েছে পানিবন্দি বেশকিছু কাঁচা ঘরবাড়ি।

স্থানীয় কয়েকজন জানান, ভোরে তাদের বাড়ি সংলগ্ন বেড়িবাঁধের বেশ কিছু অংশ ধসে নদীতে তলিয়ে যায়। এসময় প্রবল বেগে পানি ঢুকে কোলা ও হিজলা গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। পরে ভাটা শুরু হওয়ায় ক্ষয়ক্ষতি কমে। তবে জোয়ারের পানি ঢুকলে প্রতাপনগর ইউনিয়নের আরও কয়েকটি গ্রামসহ পাশের শ্রীউলা ইউনিয়ন প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এদিকে, স্থানীয় ইউনিয়ন পরিষদের উদ্যোগে সকালে বাঁধ মেরামতের চেষ্টা করেও জোয়ার শুরু হওয়ায় ব্যর্থ হয়েছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, ‘স্থানীয় জনগণকে নিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।’

তিনি আরও বলেন, খোলপেটুয়া নদীর বেশ কিছু এলাকায় বেড়িবাঁধের অবস্থা খুবই নাজুক। পানি উন্নয়ন বোর্ডকে বলেও কাজ হয়নি। বাঁধ না ভাঙলে তারা এলাকায় আসেন না, কাজ হওয়া তো দূরের কথা।

এ ব্যাপারে সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ২-এর নির্বাহী প্রকৌশলী আরিফউজ্জামান খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে (০১৩১৮২৩৫৬৯২) তিনি ফোন ধরেননি।