বাসের ধাক্কায় মাইক্রোবাসের দুই যাত্রী নিহত





বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাসবাগেরহাটের ফকিরহাট উপজেলার নওয়াপাড়া শহীদ স্মৃতি কলেজের সামনে দিগন্ত পরিবহন নামে একটি বাসের ধাক্কায় মাইক্রোবাসের দু’জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৩ মে) সকাল ৮টার দিক খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এখনও হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রবিউল ইসলাম ও বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদ সরদার ঘটনাস্থল থেকে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দিগন্ত পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি মাইক্রোবাসকে সজোরে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি সিটকে খাদে পড়ে ও দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও দু’জন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হন।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। পুলিশ ঘাতক পরিবহনটিকে জব্দ করতে পারলেও চালক পালিয়ে যায়।