সাতক্ষীরায় সন্ত্রাসীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার কালীগঞ্জে গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভুক্ত আসামি নোভা সরদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। নোভা একজন তালিকাভুক্ত সন্ত্রাসী বলে দাবি করেছে পুলিশ। এছাড়া তার বিরুদ্ধে জোড়াখুনসহ ১৬টি মামলা রয়েছে। 

কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের সুলতানের মোড়ে প্রধান সড়কের কাছ থেকে রবিবার (৫ মে) সকালে গুলিবিদ্ধ অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ সময় সেখানে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, রামদা ও বোমা উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, রবিবার ভোরে তিনি খবর পান যে সুলতানের মোড়ে একটি গুলিবিদ্ধ লাশ পড়ে রয়েছে। ঘটনাস্থলে গিয়ে লাশটি শনাক্ত করতে না পেরে গ্রামবাসীর সহায়তা নেয়। গ্রামবাসী জানায়, নিহত ব্যক্তির নাম নোভা সরদার। কালীগঞ্জের নলতা ইউনিয়নের কাজলা কাশিবাটি গ্রামে তার বাড়ি। 

ওসি আরও জানান, থানার রেকর্ডপত্র ঘেঁটে জানা যায় নোভা একজন ভাড়াটে খুনি। তার বিরুদ্ধে জোড়া খুনসহ ১৬টি মামলা রয়েছে। পুলিশ তাকে অনেকদিন ধরে খুঁজছিল।

প্রাথমিক তদন্তে জানা গেছে, দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে নোভা মারা গেছে। কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার সুধাংশু কুমার জানান, লাশটি থানায় নিয়ে আসা হয়েছে। আইনি কাজ সেরে ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।