অপহৃত শিশুসহ অপহরণকারীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৭ মে) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ থেকে তাকে আটক করা হয়।
অপহৃত শিশু রিয়াদ উপজেলার বগেরগাছী গ্রামের ফারুক হোসেনের ছেলে। সে বগেরগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। অপহরণকারী তাইজুল ইসলাম ওরফে স্বপন ওরফে মুন্না একই এলাকার শুকুর আলীর ছেলে।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, বগেরগাছী গ্রামের শুকুর আলীর ছেলে তাইজুল ইসলাম দীর্ঘদিন ধরে ঢাকার কেরানীগঞ্জে থাকে। গত শুক্রবার (২৪ মে) সে গ্রামে এসে আত্মীয়তার সূত্র ধরে শিশু রিয়াদদের বাড়িতে রাতে থাকে। পর দিন (২৫ মে) সকালে নাশতা আনার জন্য অপহরণকারী মুন্না রিয়াদকে নিয়ে স্থানীয় বাজারে যায়। এরপর থেকেই মুন্না ও রিয়াদ নিখোঁজ। পরে রিয়াদের পরিবারের কাছে মোবাইল ফোনে তিন লাখ টাকা দাবি করে মুন্না। খোঁজাখুঁজি করেও তাদের কোনও সন্ধান না পেয়ে কালীগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে রিয়াদের বাবা। শিশুটিকে উদ্ধারের জন্য তদন্ত শুরু করেন থানার এসআই দেলোয়ার হোসেন। পরে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে সোমবার (২৭ মে) বিকেলে শিশুটিকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী মুন্নাকেও আটক করা হয়।
কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী বলেন, ‘মোবাইল ট্র্যাকিং করে শিশু রিয়াদকে ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। সে সময় অপহরণকারী মুন্নাকে আটক করা হয়। তাদের দু’জনকেই এসপি অফিসে নিয়ে এসেছি। বিস্তারিত পরে জানানো হবে।’