সাতক্ষীরায় প্রিপেইড মিটার বসাতে যাওয়ায় বিদ্যুতের কর্মচারীদের ধাওয়া

সাতক্ষীরা জেলাপ্রিপেইড মিটার বসাতে গিয়ে ক্ষুব্ধ জনতার ধাওয়া খেয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন বিদ্যুৎ বিভাগের কর্মচারীরা। সোমবার (১ জুলাই) দুপুরে সাতক্ষীরার রসুলপুর মেহেদিবাগ এলাকায় বাড়িতে বাড়িতে প্রিপেইড মিটার বসাতে গেলে তারা নারীদের বাধার সম্মুখীন হন। এ সময় বিদ্যুৎ বিভাগের লোকজনের সঙ্গে সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র ফারাহ দীবা খান সাথী, শফিক উদ দৌলা সাগর এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা এসময় সাফ জানিয়ে দেন, প্রিপেইড মিটার চাই না, আগের মিটার থাকবে। না পারলে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী হাবিবুর রহমান জানান, কয়েকদিন আগে প্রিপেইড মিটার লাগাতে গিয়ে বাধা পেয়ে ফিরে আসেন তার লোকজন। পরে আজ দুই জন পৌর কাউন্সিলর ও পুলিশকে নিয়ে একই স্থানে মিটার বসাতে গেলে নারীরা একজোট হয়ে ধাওয়া করে। তাদের হাতে ছিল ঝাঁটা, লাঠি, ইট, পাটকেল।

স্থানীয়দের দাবি, প্রিপেইড মিটারে অনেক টাকা কাটা যাচ্ছে। কোন খাতে, কেন এবং কত টাকা যাবে তার কোনও হিসাব নেই। এমন অস্বচ্ছ অবস্থায় আমরা প্রিপেইড মিটার নিতে চাই না। তার চেয়ে আমাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

আবাসিক প্রকৌশলী আরও বলেন, স্থানীয়রা পৌর কাউন্সিলরদের অনুরোধও শোনেননি। এ সময় সার্কিট হাউস বকচরা মোড়ে তুমুল হট্টগোল হয়।