কুষ্টিয়ায় মাদকের একটি মামলায় তিন জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদণ্ডের আদেশ দেন। বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরুপ কুমার গোস্বামী এ রায় দেন।
রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিতিতে ছিল। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কুষ্টিয়া সদর উপজেলার ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের হামিদ আলী মণ্ডলের ছেলে ঠাণ্ডু মণ্ডল, একই উপজেলার খেজুরতলা গ্রামের মৃত আজিজুর রহমানর ছেলে মো. সাগর ও মিরপুর উপজেলার গোবিন্দপুর মালাকার পাড়ার মৃত নবীণ প্রামাণিকের ছেলে সোহেল রানা।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের একটি দল ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে টুলবক্স থেকে আলাদা দুটি প্যাকেটে মোড়ানো ১ কেজি হেরোইন উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-১২ কুষ্টিয়া বাদী হয়ে বাসের ড্রাইভার সোহেল রানা, সুপার ভাইজার ঠাণ্ডু ও হেলপার সাগরকে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি)অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, কুষ্টিয়া মডেল থানা পুলিশ ২০১৭ সালের ২৩ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করে। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এই রায় দেন। রায় শেষে আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।