আলমডাঙ্গায় বজ্রাঘাতে তিন কলা ব্যবসায়ীর মৃত্যু

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বজ্রাঘাতে তিন কলা ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শনিবার (১৩ জুলাই) বিকাল ৫টার দিকে উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরত গ্রামে এ ঘটনা ঘটে। আলমডাঙ্গা থানার ওসি মুন্সী আসাদুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

নিহত তিনজন হলেন– আলামিন (৩২), হামিদুল ইসলাম (৩৫) ও হুদা মিয়া (৪২)। আলামিন মেহেরপুর সদর উপজেলার কলাই গ্রামের মকবুল হোসেনের ছেলে, হামিদুল ইসলাম একই গ্রামের বরকত আলীর ছেলে ও হুদা মিয়া একই গ্রামের মৃত গোলাম মন্ডলের ছেলে। তারা তিনজনই কলা ব্যবসায়ী।

স্থানীয়দের বরাতে ওসি মুন্সী আসাদুজ্জামান জানান, আজ (শনিবার) দুপুরে আলামিন, হামিদুল ইসলাম ও হুদা মিয়া পিকআপ ভ্যানে করে কলা কেনার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে পাশের জেলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের খোরদ গ্রামের মাঠে আসেন। কলা কিনে পিকআপে বোঝাই করার সময় বজ্রাঘাতে তিনজন গুরুতর আহত হন। এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়।