যশোরের মণিরামপুর উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হাবিবুল্লাহ্ আল হেলালকে (২৪) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৩ জুলাই) দিনগত রাত পৌনে ১১টার দিকে উপজেলার চিনেটোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (২৪ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গ্রেফতার হেলাল উপজেলার হাসাডাঙ্গা গাইনপাড়ার শাহিনুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে মণিরামপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে।
যশোর র্যাব-৬ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. শাহিনুর ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার রাতে চিনেটোলা বাজার এলাকা থেকে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য হাবিবুল্লাহ্ আল হেলালকে গ্রেফতার করা হয়। পরে তাকে মণিরামপুর থানায় সোপর্দ করা হয়।