ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

গ্রেফতার জিয়াউর রহমান (টিশার্ট গায়ে)ঝিনাইদহ সদরে অস্ত্র ও গুলিসহ একাধিক মামলার আসামি জিয়াউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে উপজেলার দুর্গাপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। সে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ভিটশ্বর গ্রামের রাজ আলী খানের ছেলে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান খান এ সব তথ্য জানান।

ওসি জানান, গোপনে পুলিশ জানতে পারে জিয়াউর দুর্গাপুর গ্রামে অবস্থান করছে। ওই খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় একটি বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ তাকে গ্রেফতার করা হয়।

ওসি আরও জানান, জিয়াউর রহমানের নামে ঝিনাইদহ সদর থানাসহ বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।