বুদ্ধিপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

গ্রেফতার শাহিনুর রহমান 

বুদ্ধিপ্রতিবন্ধী এক শিশুকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে শাহিনুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। সোমবার (৫ আগস্ট) ভোরে যশোর শহরের রেলস্টেশন এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। যশোর তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নজরুল ইসলাম এ কথা জানান।

গ্রেফতার শাহিনুর রহমান শহরতলী শেখহাটি এলাকার মৃত মসলেম বিশ্বাসের ছেলে। সে একজন মুদিদোকানি। শিশুটি প্রায়ই তার দোকানের সামনে খেলা করতো।

এসআই নজরুল ইসলাম জানান, শাহিনুর রহমান ৪ আগস্ট দুপুরে ওই শিশুটিকে মিথ্যা কথা বলে তরফ নওয়াপাড়া এলাকার আমিনুরের কলাবাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে সে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকার শুনে লোকজন ছুটে এলে শাহিনুর পালিয়ে যায়। ভোরে সোর্সের মাধ্যমে পুলিশ খবর পায় শাহিনুর যশোর থেকে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে যশোর রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

যশোর কোতোয়ালি থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘শাহিনুরের বিরুদ্ধে শিশুর বাবা মামলা (নম্বর-১০/০৪.০৮.১৯) করেছেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। মেয়েটি এখন পুলিশের জিম্মায় আছে।’