নড়াইলের লোহাগড়ায় শিশু শ্রেণির এক ছাত্রী (৬) ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ধর্ষণের অভিযোগে আকরাম শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন এ কথা জানান।
নির্যাতনের শিকার শিশুর মা অভিযোগ করে বলেন, ‘মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে পাঁচুড়িয়া গ্রামের চটপটি বিক্রেতা আকরাম শেখ (৫৫) আমার মেয়েকে পাঁচুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাগানে নিয়ে ধর্ষণ করে। আমি অন্যের বাড়িতে কাজ করি এবং আমার স্বামী ভ্যান চালায়। ঘটনার সময় আমরা দুজনেই কাজে ছিলাম। নির্যাতনের শিকার হওয়ার পর আমার মেয়ে বাড়ি এসে তার ফুপুকে জানায়। বিকালের দিকে সে অসুস্থ হয়ে পড়লে রাত সাড়ে ৮টার দিকে তাকে চিকিৎসার জন্য লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। আমি ঘটনার বিচার চাই।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রিপন কুমার ঘোষ বলেন,‘ধর্ষণের আলামত মিলেছে। শিশুটি বেশ অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে নড়াইল সদর হাসপাতালে রেফার করেছি।’
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকাররম হোসেন জানান, এ ব্যাপারে শিশুর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্ত আকরাম শেখকেও আটক করা হয়েছে।