খুলনায় ব্যাংক কর্মকর্তার হেলমেটের আঘাতে জাহিদুল ইসলাম আজাদ নামে এক ঋণ গ্রহীতা আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত জাহিদুলকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে (খুমেক) ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ খুলনা প্রাইম ব্যাংকের ৪ কর্মকর্তাকে আটক করেছে। বুধবার সকাল সাড়ে দশটার দিনে মহানগরীর সোনাডাঙ্গা থানার মোল্লাবাড়ি এলাকার বিসমিল্লাহ মহল্লায় এ ঘটনা ঘটে। সোনাডাঙ্গা থানার এসআই শক্তিপদ মৃধা এ কথা জানান।
আটক কর্মকর্তারা হলেন, প্রাইম ব্যাংক খুলনার লোন শাখার ম্যানেজর গাজী সালাহ উদ্দিন, কর্মকর্তা জাহাঙ্গীর, বদরুজ্জামান ও পলাশ সাহা।
সোনাডাঙ্গা থানার এসআই শক্তিপদ মৃধা জানান, ঋণ গ্রহীতাকে হেলমেট দিয়ে আঘাত করার অভিযোগে চার ব্যাংক কর্মকর্তাকে আটক করা হয়েছে। ঋণ গ্রহীতাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক চার ব্যাংক কর্মকর্তাকে ফাঁড়ি থেকে থানায় আনা হয়েছে।
ব্যাংক সূত্র জানায়, বিসমিল্লাহ মহল্লা এলাকার বাসিন্দা মৃত শাহজাহানের ছেলে প্রগতি ফিস লিমিটেডের কর্ণধার জাহিদুল ইসলাম আজাদ ওরফে মুন্না (৮০) প্রাইম ব্যাংক খুলনা শাখা থেকে ৫০ লাখ টাকা ঋণ নেন। কিন্তু তিনি ঋণের কিস্তি দিতে গড়িমসি করে আসছিলেন। বুধবার সকালে প্রাইম ব্যাংক খুলনার লোন শাখার ম্যানেজর গাজী সালাহ উদ্দিনসহ ওই ৪ কর্মকর্তা কিস্তির টাকা আদায়ের জন্য জাহিদুলের বাড়িতে যান। সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে জাহিদুল অসুস্থ্য হয়ে পড়েন। এসময় এলাকাবাসী চার ব্যাংক কর্মকর্তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে। জাহিদুলকে পুলিশের মাধ্যমে খুমেক হাসপাতালে নেওয়া হয়েছে।