সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে দাদার মৃত্যু

সাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট নাতিকে বাঁচাতে গিয়ে তার দাদার মৃত্যু হয়েছে। আহত নাতি পিয়াসকে (১৩) সদর হাসপাতাল থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার থানাঘাটা গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা সদর হাসপাতালেরর জরুরি বিভাগের চিকিৎসক মাহাববুর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

নিহত পরবেশ সরদার (৬০) থানাঘাটা গ্রামের মৃত আলিমউদ্দিন সরদারের ছেলে। আহত পিয়াস সুন্দরবন টেস্কটাইল মিলস মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। তার বাবার নাম মাহফুজ সরদার।

নিহতের পরিবার জানায়, আজ (শুক্রবার) দুপুরে পিয়াস বাড়ির পাশে একটি পরিত্যক্ত ঘরে প্রবেশের সময় বিদ্যুতিক তারে জড়িয়ে যায়। চিৎকার শুনে দাদা পরবেশ সরদার নাতিকে রক্ষায় এগিয়ে গেলে তিনিও ওই তারে জড়িয়ে পড়েন। এসময় ঘটনাস্থলেই পরবেশ সরদার মারা যান। আর আহত পিয়াসকে বাড়ির লোকজন সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।