ভারত গেলো ৮ ট্রাক ইলিশ





ইলিশের ট্রাকযশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে প্রথম চালানে আটটি ট্রাকে করে সাড়ে ৩০ মেট্রিক টন ইলিশ রফতানি করা হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশ ভর্তি এসব ট্রাক প্রবেশ করে। বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার মুরশিদা খাতুন এ তথ্য জানান।

বেনাপোল কাস্টমস সূত্র জানায়, প্রতি কেজি ছয় ডলার মূল্যে এই ইলিশ রফতানি করা হচ্ছে। দুই দেশেই শুল্কমুক্ত সুবিধা পাচ্ছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) ইলিশের এই চালানটি রফতানির কথা ছিল, কিন্তু কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন না হওয়ায় আজ পাঠানো হলো।
মাছ রফতানিকারদের প্রতিনিধি সিঅ্যান্ডএফ এজেন্ট এমি এন্টারপ্রাইজের ম্যানেজার মহিতুল হক জানান, বাণিজ্য মন্ত্রণালয় থেকে দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন হয়। আগামী ১০ অক্টোবরের মধ্যে সব ইলিশ রফতানির নির্দেশনা রয়েছে।