চুয়াডাঙ্গায় প্রবাসীর স্ত্রীকে পুড়িয়ে হত্যার চেষ্টা, গ্রেফতার ২

গ্রেফতার

চুয়াডাঙ্গা সদর উপজেলার তালতলা ইসলামপাড়া মহল্লায় আপত্তিকর প্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রী আফসানা মিমিকে (২৩) গায়ে আগুন ধরিয়ে হত্যার চেষ্টা করে দুই বখাটে। শনিবার রাত ৯টার দিকে প্রবাসীর বাড়িতে এ ঘটনা ঘটে।

ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওরফ হোসেন (২৩) ও রিপন আলীকে (২৫) নামে দুই বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ।

আফসানা মিমি উপজেলার তালতলা ইসলামপাড়া মহল্লার মালয়েশিয়া প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ ও এলকাবাসী সূত্রে জানা যায়, সদর উপজেলার তালতলা ইসলামপাড়া মহল্লার প্রবাসী রফিকুল ইসলামের স্ত্রী আফসানা মিমিকে প্রতিবেশী দোলন মিয়ার ছেলে ওরফ হোসেন ও ছানোয়ারের ছেলে রিপন আলী দীর্ঘদিন ধরে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এতে সে রাজি না হওয়ায় ওরফ হোসেন ও রিপন আলী ক্ষিপ্ত হয়ে শনিবার রাতে আফসানা মিমির বাড়িতে ঢুকে। এরপর আফসানার শরীরে আগুন ধরিয়ে দেয়। মিমির চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

রাতেই আফসানা মিমি বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ওরফ হোসেন ও রিপনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।

এরপর রাত সাড়ে ১০টার দিকে থানার এস আই ওহিদুল ইসলাম ফোর্স নিয়ে সদর উপজেলার তালতলা ইসলামপাড়া মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি লুতফুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।