পর্নোগ্রাফি আইনে জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি গ্রেফতার

গ্রেফতার আকাশ

পর্নোগ্রাফি আইনে করা পৃথক দুটি মামলায় জয়যাত্রা টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আকাশ ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করা হলে  সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়াও সে সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ এমপি ডট কমের সাতক্ষীরা ওয়েবসাইটের অ্যাডমিন (অ্যাম্বাসেডর)। সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ এ কথা জানান।

তিনি জানান, গ্রেফতার আকাশসহ একটি চক্র দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের আপত্তিকর ভিডিও ধারণ করে অর্থ আদায় করে আসছিল।

গ্রেফতার আকাশ ইসলাম পিরোজপুর জেলার মঠবাড়িয়ার উপজেলার টিয়াখালি গ্রামের আল মাস হোসেনের ছেলে।

একটি মামলায় আকাশসহ ৫ জনকে আসামি করা হয়েছে। আকাশ ছাড়াও মামলার অপর আসামিরা হলেন, বাংলাদেশ প্রতিদিনের সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সাদিক, তুহিন ও সম্প্রতি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত দীপ। 

আদালত সূত্র জানা যায়, সাতক্ষীরা থানায় পর্নোগ্রাফি আইনে দায়ের করা ২৮নং মামলার বাদী একজন জনপ্রতিনিধি। মামলার এজাহারে বলা হয়েছে আসামিরা তাকে জোরপূর্বক একটি রুমে ঢুকিয়ে নগ্ন করে এক নারীর সঙ্গে ভিডিও করে  টাকা আদায়ের চেষ্টা করেছে। অপর মামলার বাদীও একজন জনপ্রতিনিধি। ওই মামলার এজাহারেও বলা হয়েছে জনপ্রতিনিধিকে নগ্ন করে ভিডিও করা হয়েছে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে থেকে ৪ লাখ টাকা আদায় করা হয়েছে। এই মামলার আকাশ ও সাদিক নামে দুজনকে আসামি করা হয়েছে। আকাশ এই মামলার দোষ স্বীকার করেও আদালতে জবানবন্দি দিয়েছে।

এ ব্যাপারে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) ইলতুৎমিশ জানান, আকাশ ইসলামের কাছ থেকে বেশ কিছু পর্নোগ্রাফি ভিডিও উদ্ধার করা হয়েছে।  আকাশ ইসলাম আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেওয়ার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।