সৌরশক্তি চালিত গাড়ি বানালেন যবিপ্রবি শিক্ষক

সৌরশক্তি চালিত গাড়ি বানালেন যবিপ্রবি শিক্ষকসৌরশক্তি চালিত গাড়ি তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. হুমায়ুন কবির। গাড়িটির সৌর প্যানেল ছাড়া সব যন্ত্রাংশ দেশীয়। স্থানীয় একটি মোটর ওয়ার্কশপে তৈরি হয়েছে গাড়িটি।

বুধবার (১৮ ডিসেম্বর) অধ্যাপক ড. হুমায়ুন কবির জানান, গাড়িটির মূলনীতি হলো সৌরশক্তি ব্যাটারিতে জমা হবে, সেই চার্জ দিয়েই গাড়ি চলবে। দুইজন যাত্রী এবং একজন চালকসহ ৩৩০ কেজি ওজনের গাড়িটি একদিনের চার্জে ২০ কিলোমিটার পর্যন্ত চলবে। উচ্চক্ষমতা সম্পন্ন সৌরকোষ ব্যবহার করে তা দ্বিগুণ বা তিনগুণ করা সম্ভব। প্রাথমিকভাবে এই গাড়ি তৈরিতে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। তবে, বাণিজ্যিকভাবে তৈরি করা হলে খরচ কমে এক লাখ ২০ হাজার টাকা হবে। 

সৌরশক্তি চালিত গাড়ি বানালেন যবিপ্রবি শিক্ষকগাড়ি তৈরির ব্যয় সম্পর্কে তিনি জানান, যবিপ্রবির গবেষণা তহবিল ২০১৭-১৮ অর্থবছরের বাজেট থেকে গবেষণা প্রকল্পের জন্য প্রস্তাব চাওয়া হয়। সেখানে এই প্রকল্প প্রস্তাব জমা দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ প্রস্তাব গ্রহণ করে অর্থ দেয়।

প্রসঙ্গত, সারা পৃথিবীতেই ব্যাটারিচালিত গাড়ি ব্যবহারে আগ্রহ বাড়ছে। সৌরশক্তি দিয়ে গাড়ি চালানো নতুন নয়। তবে, বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হয়নি। আমাদের দেশের থ্রি হুইলার গাড়িগুলো সহজেই সৌরশক্তিতে চলতে পারে। এতে বিদ্যুৎ সাশ্রয় হবে।