মোংলায় ৯ কার্গো জাহাজকে জরিমানা

 

Mongla kargo faile picফিটনেস ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোংলায় ৯ কার্গো (লাইটারেজ) ও বাল্কহেড (ছোট নৌযান) জাহাজকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালে পশুর নদীতে অভিযান চালিয়ে তাদের জরিমানা করে নৌ পুলিশের নেতৃত্বে নৌ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মোংলা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এসব নৌযান পশুর নদীতে চলাচল করছিল। এসব নৌযানের অধিকাংশরই লাইফ বয়া, ফিটনেস সমস্যাসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল না। তাই নৌ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ সচিব) মো. বদরুল হাসান লিটন আমাদের সঙ্গে নিয়ে অভিযান চালায়। এ সময় পাঁচটি বাল্কহেড ও চারটি কার্গো জাহাজকে ২৫ থেকে ৩০ হাজার করে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট (উপ সচিব) মো. বদরুল হাসান লিটন এ জরিমানা করেন। পরে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয় বলেও জানান তিনি।

মোংলা নৌ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম আরও বলেন, অবৈধভাবে চলাচলকারী এসব নৌযানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।