ঝিনাইদহে ট্রাক্টর-মোটরসাইকেল সংঘর্ষে তিন বরযাত্রী নিহত




Jhenidah accident death Photo 31-01-20বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় তিন বরযাত্রী নিহত হয়েছেন। ঝিনাইদহের মহেশপুরে- যাদবপুর সড়কের জাগুসা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ৩টার দিকে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।


মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ হোসেন খান বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার চাকলা গ্রামের রফিক উদ্দিনের ছেলে রাজু হোসেন (২২) ও নেহালপুর গ্রামের নজরুল ইসলাম (৪৮), ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সাব্বির আহম্মেদ (১৬)।

আত্মীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার দুপুরে মান্দারতলা গ্রামের আব্দুর রবের ছেলে রনি মিয়ার বিয়ের দাওয়াত খাওয়ার জন্য তিন ব্যক্তি মোটরসাইকেলে করে কোটচাঁদপুর উপজেলার সাব্দালপুর থেকে মহেশপুরের বাবলা মাথাভাঙ্গা গ্রামের যাচ্ছিলেন। এসময় এই দুর্ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মোর্শেদ হোসেন খান বলেন, ‘বেপরোয়া গতিতে মোটরসাইকেলে চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। একটি মাটি বহনকারী ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়।’