খুলনা মহানগরীর অ্যাজাক্স জুট মিলের জায়গা দখলে নিয়ে সার গুদাম তৈরির অভিযোগে যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান লিঙ্কনের নামে মামলা দায়ের করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) খুলনা মহানগর ম্যাজিস্ট্রেট খানজাহান আলী থানা আমলি আদালতে মামলাটি গ্রহণ করেন। একইসঙ্গে তদন্তের জন্য পিবিআইকে (পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন) নির্দেশ দিয়েছেন আদালত। সাজ্জাদুর রহমান লিঙ্কন যুবলীগ খুলনা মহানগরের খানজাহান আলী থানা শাখার আহ্বায়ক এবং খুলনা জেলা পরিষদের নির্বাচিত সদস্য।
মামলার আইনজীবী অ্যাড. এনামুল হক গাজী জানান, জবর দখল ও জীবননাশের হুমকি দেওয়ার অপরাধে দণ্ড বিধি ৪২৭, ৪৪৭, ৪৪৮ ও ৫০৬ (২) ধারায় সাজ্জাদুর রহমান লিঙ্কনের বিরুদ্ধে মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আবেদনে বলা হয়েছে, সাজ্জাদুর রহমান লিঙ্কন অ্যাজাক্স জুট মিলের জায়গা দখলে নিয়ে বিভিন্ন সার ব্যবসায়ীদের ভাড়া দিয়েছেন। একদিকে মিলের জমি দখলে নিয়ে ভাড়া দেওয়া এবং অন্যদিকে সারের প্রতিক্রিয়ায় মিলের কল-কারখানা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলে মিল মালিক ও তাদের প্রতিনিধিদের জীবননাশের হুমকি দেয় লিঙ্কন ও তার সহযোগীরা।
মামলার বাদী অ্যাজাক্স জুট মিলের প্রধান নির্বাহী ও চেয়ারম্যান কাওসার জামান বাবলা জানান, ইতোমধ্যে তিনি স্বরাষ্ট মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, খুলনার জেলা প্রশাসক, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, পুলিশ সুপার খুলনাসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন। কিন্তু কোনও অগ্রগতি না হওয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন। এতে তিনি ৮৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন। মহানগর যুবলীগ আহবায়ক শফিকুর রহমান পলাশ জানান, তারা লিঙ্কনের মিল দখল বা মামলার কথা জানেন না। যুবলীগের যে কেউ কোনও অন্যায় কাজ করলে তার দায় যুবলীগ নেবে না।