ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, দুপুরে মুরারীদহ গ্রামের মাঠে সবুজ মিয়ার লালিম ক্ষেতের কিছু গাছ খেয়ে ফেলে একই এলাকার মজিদের ছাগলে। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে সঙ্গে সঙ্গে গ্রাম্য সালিশে এর মীমাংসাও করা হয়।
ওসি আরও জানান, বিকালে সবুজ মিয়া ও তার চাচাতো ভাই রানা মাঠে কাজ করতে যান। এ সময় মজিদসহ কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। চিৎকারে সবুজের ছোট ভাই শাকিল ও মা আমেনা বেগম ছুটে আসেন। তখন তাদের ওপরও হামলা চালানো হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা সবুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় থমথমে ভাব বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।