খালেদা জিয়াকে মুক্ত করতে রাজপথে নামা ছাড়া উপায় নেই: মওদুদ

01বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশের গণতন্ত্রকে মুক্ত করতে হলে রাজপথে নামা ছাড়া কোনও উপায় নেই। রাজপথে কঠোর আন্দোলনের মাধ্যমেই দেশের গণতন্ত্র এবং খালেদা জিয়াকে মুক্ত করা হবে।’

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামালের দায়ের করা একটি মানহানি মামলায় জামিন নিতে এসে রবিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইলের আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, ‘আমার মনে হয় বিচারকরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না বলেই খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না। একটি মিথ্যা ও ভিত্তিহীন মামলায় তিনি কারাভোগ করছেন। বারবার আমরা আদালতের কাছে তার জামিন চাইলেও হচ্ছে না। সরকার বিচার বিভাগকে প্রভাবিত করছে বলেই খালেদা জিয়া মুক্তি পাচ্ছেন না।’

এ সময় কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, জহুরুল হক কামাল, মো. ওয়াহিদুজ্জামানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে রাষ্ট্রদ্রোহ ও মানহানির একটি মামলায় জামিন নিতে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিতে যান মওদুদ আহমদ। নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নীলুফার শিরিন ওই মামলায় জামিন দেন তাকে। ব্যারিস্টার মওদুদ আহমদের পক্ষে আদালতে জামিন চান সাবেক জিপি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ, অ্যাডভোকেট আব্দুল হকসহ সিনিয়র আইনজীবীরা।