বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন পাওয়া বা না পাওয়ার বিষয়টি পুরোপুরি আদালতের ব্যাপার। এখানে সরকারের কোনও হস্তক্ষেপ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শনিবার (২৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহের দত্তনগর কৃষি খামার পরিদর্শনেকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মন্ত্রী বলেন, তাকে (খালেদা জিয়া) জামিন দেওয়া না দেওয়া সম্পূর্ণ আদালতের ব্যাপার। আপনারা জানেন, আদালত স্বাধীনভাবে কাজ করে। খালেদা জিয়ার জামিন দেওয়ার ব্যাপারটিও আদালতের হাতে। এতে সরকারের কোনও হস্তক্ষেপ নেই।
চট্টগ্রামে পুলিশ বক্সে বিস্ফোরণের ব্যাপারে তিনি বলেন, এটি কোনও জঙ্গি হামলা না। এদেশে আইএস নেই। এটা দেশীয় জঙ্গিদের কাজ। আমরা আগেও বলেছি এদেশ থেকে জঙ্গিদের নির্মূল করতে পারিনি। নিয়ন্ত্রণে আনতে পেরেছি। চট্টগ্রামে বিস্ফোরণের ঘটনায় এখনও কেউ গ্রেফতায় হয়নি কেন—এমন প্রশ্নে তিনি বলেন, হতাশ হওয়ার কিছু নেই। এর আগে খুলনা, ঢাকায় এ ধরনের ঘটনা ঘটেছিল। আমরা তাদের গ্রেফতার করছি। চট্টগ্রামের ঘটনায়ও গ্রেফতার করা হবে।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, সাবেক সংসদ সদস্য নবী নেওয়াজ, মহেশপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান লিটনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।