বাড়ি ফিরলেন লকডাউনে আটকে পড়া সেই বৃদ্ধ

satkhira photo (2)করোনায় লকডাউনের ঢাকার গাবতলীতে আটকে পড়া সাতক্ষীরার বৃদ্ধ পঞ্চানন গাইন অবশেষে বাড়ি ফিরতে পেরেছেন। আটকে পড়ার সংবাদটি জেলা পুলিশের চোখে পড়ায় তাদের উদ্যোগে তিনি বুধবার (১৫ এপ্রিল) পুলিশের গাড়িতে করে বাড়ি ফিরেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ বলেন, আশাশুনি এলাকার পঞ্চানন গাইন করোনা লকডাউনের কারণে ১৯ দিন ঢাকার গাবতলীর ফুটপাতে মানবেতর জীবনযাপন করেছেন এই সংক্রান্ত খবর প্রচারিত হয়। বিষয়টি সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের নজরে আসে। এরপর জেলা পুলিশের উদ্যোগে প্রথমে ঢাকা থেকে যশোর পর্যন্ত আনা হয়। এরপর জেলা পুলিশের গাড়িতে করে সাতক্ষীরায় আনার পর পঞ্চানন গাইনকে চাল, ডালসহ বিভিন্ন খাদ্য সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিয়ে পুলিশের গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

satkhira photo (7)প্রসঙ্গত, সাতক্ষীরা আশাশুনির ১১ নম্বর কাঁদাকাটি ইউনিয়নের সাবেক মেম্বার পঞ্চানন গাইন মামলার কাজে ঢাকায় গিয়েছিলেন। হঠাৎ করোনার কারণে লকডাউন হয়ে যায় ঢাকাসহ সারাদেশ। আর সে কারণেই ১৯ দিন ঢাকার গাবতলীর ফুটপাতে খাদ্য কষ্টে জীবনযুদ্ধ চালিয়ে যান তিনি।