বাগেরহাটে আরও দুই জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জনে। যার মধ্যে দুই জন মারা গেছেন। সোমবার (১৮ মে) রাতে বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ফকিরহাট উপজেলার মৌভোগ এলাকার এক যুবক (২৮) চট্টগ্রাম থেকে গত ১৬ মে বাড়িতে আসেন। পরের দিন (১৭ মে) স্থানীয় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়।
অপর আক্রান্ত রামপাল উপজেলার বাবুরহাট এলাকার গৃহবধূ (২০) ঢাকা থেকে স্বামী ও সন্তানের সঙ্গে জ্বর নিয়ে গত ১৬ মে বাড়িতে আসেন। পরের দিন (১৭ মে) স্থানীয় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠায়। ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি ওষুধ কোম্পানিতে কাজ করেন।
ঢাকার জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে বাগেরহাট জেলা স্বাস্থ্য বিভাগকে পাঠানো নমুনা পরীক্ষার রিপোর্টে ওই দুই জনের করোনা পজিটিভ আসে।